দেশের পুঁজিবাজারে বিনিয়োগের নতুন মাধ্যম হিসেবে কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর দ্বারপ্রান্তে রয়েছে চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এই নতুন বাজার চালুর লক্ষ্যে শেষ পর্যায়ের প্রস্তুতি হিসেবে মার্কেট ইকোসিস্টেম তৈরির কাজ দ্রুত গতিতে চলছে বলে জানিয়েছেন সিএসইর চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহাদি হাসান।
রোববার (১ নভেম্বর) চট্টগ্রামের আগ্রাবাদে সিএসইর কার্যালয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের এক ইন্ডাস্ট্রিয়াল পরিদর্শন অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।
মোহাম্মদ মাহাদি হাসান উল্লেখ করেন, নতুন এই বাজারের মূল চালিকাশক্তি হলেন বিনিয়োগকারীরা। তাই তাদেরকে সচেতন ও শিক্ষিত করে তোলা অত্যন্ত জরুরি। শুধু প্রচলিত সিকিউরিটিজে বিনিয়োগ না করে মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) ও বন্ডের মতো বৈচিত্র্যময় পণ্যে বিনিয়োগের পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে সিএসইর ডিজিএম আরিফ আহমেদ ডিজিটাল যুগে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা ও কারিগরি জ্ঞান বৃদ্ধির আহ্বান জানান। অন্যদিকে, আইআইইউসির শিক্ষকমণ্ডলী—অধ্যাপক নাজনীন জাহান চৌধুরী ও সহযোগী অধ্যাপক মো. আরিফুল হক শিক্ষার্থীদের জন্য তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাজার ব্যবস্থাপনার ব্যবহারিক জ্ঞানের গুরুত্ব তুলে ধরেন।
সেশনে শিক্ষার্থীদের বাংলাদেশের পুঁজিবাজারে প্রচলিত পণ্য, বিনিয়োগ ঝুঁকি, আর্থিক ব্যবস্থাপনা এবং কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার সাম্প্রতিক অগ্রগতি বিষয়ে ধারণা দেওয়া হয়। সিএসইর হেড অব ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস এম সাদেক আহমেদ অধিবেশনটি পরিচালনা করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।