বরগুনায় বিশেষ কায়দায় জুতার মধ্যে লুকিয়ে ইয়াবা পাচারের সময় ২ হাজার ২৫০ পিস ইয়াবাসহ সামুদা বেগম (৪৫) নামের এক রোহিঙ্গা নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার অপর ব্যক্তির নাম মো. রবিউল (৬০)। তারা উভয়েই কক্সবাজার জেলার উখিয়ার বাসিন্দা।
সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা পৌর বাসটার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বরগুনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হামিমুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর বাসটার্মিনালে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বরিশাল থেকে বরগুনাগামী ‘সজিব খান’ নামের একটি যাত্রীবাহী বাসে থাকা ওই নারী ও পুরুষের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। একপর্যায়ে রবিউলের পায়ে থাকা জুতার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামুদা বেগম একজন রোহিঙ্গা বলে নিশ্চিত করেছেন ডিএনসি কর্মকর্তা। তিনি এর আগেও একাধিকবার কক্সবাজার থেকে বরগুনায় ইয়াবা সরবরাহ করেছেন বলে তথ্য মিলেছে। এ ঘটনায় গ্রেপ্তার উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরগুনা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।