হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর পোশাকের ভেতরে সেলাই করে লুকিয়ে আনা বিপুল পরিমাণ স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা এই ১২ কেজি স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে আসা এমিরেটসের একটি বিশেষ ফ্লাইটের (ইকে-৫৮৬) যাত্রীদের ওপর সার্বক্ষণিক নজরদারি চালিয়ে এই চালানটি আটক করা হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২-এ আসার পর চেন লিউইউন ও মো শিয়াওইউ নামের দুই যাত্রীকে সন্দেহ হলে কাস্টমস কর্মকর্তারা তাদের দেহ তল্লাশি করেন। এ সময় তাঁদের পরহিত জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের ভেতরে কাপড়ে সেলাই করা অবস্থায় লুকানো নরম হলুদ রঙের স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পেস্টের মোট ওজন ছিল ১২ কেজি। প্রাথমিক পরীক্ষায় এটি ২৪ ক্যারেটের বিশুদ্ধ স্বর্ণ বলে নিশ্চিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ। চাঞ্চল্যকর এই স্বর্ণ পাচারের ঘটনায় আটক দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং প্রচলিত ফৌজদারি আইনে মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।