চট্টগ্রাম ও কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম, বিনিয়োগ পরিস্থিতি, কর্মপরিবেশ এবং শ্রমিক কল্যাণমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বুধবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এই শিল্পাঞ্চল দুটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সদস্য (প্রকৌশল) আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল মো. মহসীন হাসান এবং চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক মো. শরিফুল ইসলাম তাঁদের বেপজার সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এ সময় বেপজার আওতাধীন অঞ্চলগুলোর বর্তমান বিনিয়োগ, রপ্তানির চিত্র, নতুন কর্মসংস্থান, অবকাঠামোগত সুযোগ-সুবিধা, শ্রমিক কল্যাণ ও পরিবেশবান্ধব শিল্পায়নের নানামুখী পদক্ষেপ তুলে ধরা হয়।
পরিদর্শনের অংশ হিসেবে অতিথিরা চট্টগ্রাম ইপিজেডের 'প্যাসিফিক জিন্স লিমিটেড' ও 'তালিসমান পারফরমেন্স লিমিটেড' এবং কর্ণফুলী ইপিজেডের 'কেনপার্ক অ্যাপারেলস' (হিরদারামানি বাংলাদেশ) ও 'পার্ক বিডি' শিল্পকারখানা ঘুরে দেখেন। তাঁরা কারখানাগুলোর বিশ্বমানের আধুনিক উৎপাদনব্যবস্থা, কাজের পরিবেশ এবং শ্রমিকদের জন্য নির্ধারিত সুযোগ-সুবিধা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে বেপজার আওতাধীন ইপিজেডগুলোর পরিকল্পিত ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা, রপ্তানিমুখী উৎপাদন এবং বিনিয়োগবান্ধব পরিবেশে গভীর সন্তোষ প্রকাশ করেন অতিথিরা। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি, বিপুল কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বেপজার ধারাবাহিক অবদানেরও প্রশংসা করেন তাঁরা। এই পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-১ নুরজাহান খানম এবং পরিচালক-১ ফাহমিদ ফারহান তাঁদের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।