হাজারো মুসল্লির ‘আমিন’ ধ্বনি ও চোখের জলে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী চাঁদপুর জেলা ইজতেমা।

শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় হেদায়েতি বয়ান শেষে মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের আমীর মাওলানা শামসুদ্দিন। এর আগে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাদ ফজর চাঁদপুর শহরের পুরান বাজার দোকানঘর এলাকায় মেঘনাপাড়ের ইজতেমা ময়দানে আম বয়ানের মাধ্যমে এই ধর্মীয় মহাসমাবেশ শুরু হয়েছিল।

নিজামুদ্দিনের মূল ধারার তত্ত্বাবধানে আয়োজিত এই তিন দিনের ইজতেমায় চাঁদপুর জেলা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। ইজতেমা ময়দানে কোরআন ও হাদিসের আলোকে প্রবীণ আলেমদের মূল্যবান বয়ান, জিকির-আজকার এবং বিশেষ তালিম অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়া এই আখেরি মোনাজাতে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।