রাজধানীর মোহাম্মদপুরে কুখ্যাত কিশোর গ্যাং ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য মো. দিদারকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানাধীন বোটঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দিদার মোহাম্মদপুরের কাটাশুরের নামার বাজার এলাকায় বসবাস করতেন। তাঁর বাবার নাম ইউসুফ আলী এবং মায়ের নাম কুলসুম বেগম। পুলিশ জানায়, ‘জাওরা’ রাব্বি ও ‘ভান্ডারি’ ইমনের নেতৃত্বে পরিচালিত ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন এই দিদার।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আক্কেল আলীর নেতৃত্বে বোটঘাট এলাকায় অভিযান চালিয়ে দিদারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত দিদারের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও মারামারিসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।