রাজধানীর মোহাম্মদপুরে হত্যা মামলাসহ অন্তত সাতটি মামলার আসামি ও স্থানীয় কিশোর গ্যাং নেতা ফিরোজ ওরফে ‘কেন্তা ফিরোজ’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের ফিউচার মডেল টাউনের ৫ নম্বর সড়কে আলমের গ্যারেজ সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত কেন্তা ফিরোজের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, চাঁদাবাজি, মারামারি, অনধিকার প্রবেশ, চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে দুটি পৃথক হত্যা মামলা দায়ের করা হয়। এছাড়া ২০১৮, ২০১৯, ২০২০ এবং ২০২৫ সালে মারামারি, চুরি, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও মাদকের অভিযোগে আরও পাঁচটি মামলা রয়েছে।

কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।