জরুরি সাইবার নিরাপত্তাঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাচ্ছে না। পিএইচপি (PHP) প্রোগ্রামিং ভাষার আন্তর্জাতিক নিরাপত্তা ত্রুটি থেকে সম্ভাব্য হামলা এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, জরুরি নিরাপত্তা সমস্যার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে। ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করার পর তা পুনরায় চালু করা হবে।
সম্প্রতি পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি নিয়ে বিশ্বব্যাপী সতর্কতা জারি হয়েছে। এসব ত্রুটির সুযোগ নিয়ে হামলাকারীরা দূর থেকে সার্ভারে অননুমোদিত নির্দেশ কার্যকর করতে পারে, যা ফাইল ও গুরুত্বপূর্ণ তথ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তবে এই ত্রুটির সুযোগে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে কোনো সাইবার হামলা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পিএইচপিভিত্তিক অন্যান্য কিছু ব্যাংক ও প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওয়েবসাইটে পিএইচপি ব্যবহার করলেই সেটি ঝুঁকিপূর্ণ হয় না; তবে নিয়মিত সিকিউরিটি আপডেট ও সার্ভার ফায়ারওয়াল জোরদার করা জরুরি। ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ থাকায় কেন্দ্রীয় ব্যাংকের অনলাইন সেবা ও তথ্য পেতে ব্যবহারকারীদের কিছুটা অসুবিধা হলেও এটি কখন পুরোপুরি চালুর উপযোগী হবে, তা এখনো নির্দিষ্ট করে জানানো হয়নি।