মাগুরায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা, নগদ ৬ লাখ টাকা, একটি প্রাইভেটকার, একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল, একটি ওয়াকিটকি ও একটি স্টিলের লকার উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দীপ্ত কুমার বিশ্বাস (৩২) নামের এক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।
রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে মাগুরা সদর উপজেলার কুকনা এশিয়া মহিলা কলেজ এলাকার পুরোনো হোস্টেলের পেছনে একটি ভাড়া বাসায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত দুই নারী হলেন—ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের সম্পা দাস (৩২) ও পূর্ণিমা রানী বিশ্বাস (৫৫)। এদের মধ্যে সম্পা দাসের কোলে তিন মাস বয়সী একটি শিশুকন্যা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পলাতক দীপ্ত কুমার বিশ্বাসের ওই ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি স্টিলের লকার তল্লাশি করে ২০টি নীল জিপার পলিতে রাখা মোট ৪ হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৬ লাখ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার সম্পা দাসকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাসার সামনে থেকে একটি প্রাইভেটকার, একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল এবং একটি ওয়াকিটকি জব্দ করা হয়।
এদিকে নির্ভরযোগ্য একটি সূত্রের দাবি, চক্রটি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বা পুলিশের পরিচয় ব্যবহার করে গোপনে মাদক পরিবহন ও ব্যবসা চালিয়ে আসছিল। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম) জানান, গ্রেপ্তারকৃত দুই নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। তারা পলাতক দীপ্ত কুমার বিশ্বাসের সঙ্গে দীর্ঘদিন ধরে যৌথভাবে মাদক ব্যবসা করে আসছিলেন। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।