শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে নীলফামারীর সৈয়দপুরে ব্যাপক প্রস্তুতি ও সাজসজ্জার কাজ চলছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দর সড়ক ও শহরের বিভিন্ন এলাকায় এই তৎপরতা দেখা যায়।

সরেজমিনে শহর ঘুরে দেখা গেছে, সাজসজ্জার অংশ হিসেবে সড়কের পাশে শোভা পাচ্ছে বিভিন্ন ব্যানার ও বর্ণিল ফেস্টুন। পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের জন্য সড়কের বিভিন্ন স্থানে রং করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে রাস্তার পাশের ময়লা-আবর্জনা। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরনের পর সড়কপথে রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দিরের (ধর্মসভা মন্দির) উদ্দেশে রওনা দেবেন তিনি। বেলা ১১টার দিকে মণ্ডপটি পরিদর্শন করবেন তিনি। এরপর পুনরায় সৈয়দপুর বিমানবন্দরে ফিরে বিমানে করে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। রাজশাহী সফর শেষে তাঁর চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার এবং সাধারণ সম্পাদক শাহিন আক্তার জানান, প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিমানবন্দর সড়কজুড়ে তাঁকে বর্ণিল শুভেচ্ছা জানানো হবে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা জানান, প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌরসভার ওপর দিয়ে রংপুরে যাবেন। তাই পৌর কর্তৃপক্ষের উদ্যোগে শহরের বিভিন্ন জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে, ডিভাইডার মেরামত ও রং করা হচ্ছে এবং ময়লার স্তূপ বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সজাগ রয়েছে।