সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আল্লাহ, আমাকে খাবার দাও, আমার স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’ বলে আকুতি জানিয়ে দেশজুড়ে আলোচনায় আসা শেরপুরের বৃদ্ধ সাজু শেখের (৮০) স্ত্রী নূরজাহান বেগম আর নেই।
দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একই দিন বিকেল ৫টার দিকে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মিয়া নূরজাহান বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় বিছানায় শায়িত ছিলেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৬ বছর আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যাওয়ার পর থেকেই চলাফেরার সক্ষমতা হারান নূরজাহান বেগম। চরম আর্থিক সংকটের কারণে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা করানো সম্ভব হয়নি। অসুস্থ স্ত্রীকে দেখাশোনা করতে গিয়ে বৃদ্ধ সাজু শেখও চরম সংকটে পড়েন। নিজেদের দৈনন্দিন খাবার, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাতেই হিমশিম খেতে হতো তাঁদের।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে স্ত্রীকে জড়িয়ে ধরে খাবারের জন্য করুণ আকুতি জানাতে দেখা যায় সাজু শেখকে। হৃদয়বিদারক ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে বিভিন্ন মানবিক ব্যক্তি, সামাজিক সংগঠন ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাঁদের কাছে খাদ্য ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।
জানা গেছে, সাজু শেখ ও নূরজাহান বেগম দম্পতি দীর্ঘ ৬৫ বছর ধরে একসঙ্গে সংসার করছিলেন। দারিদ্র্য, বার্ধক্য ও নানা প্রতিকূলতার মধ্যেও শেষ দিন পর্যন্ত শয্যাশায়ী স্ত্রীর সেবা করে