জনগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে থাকবে নাকি শহীদ ওসমান হাদি হত্যার বিচার বাধাগ্রস্তকারীদের পক্ষে যাবে—তা আগামী ১৮ ডিসেম্বরের কর্মসূচিতেই প্রকাশ পাবে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের।

গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রংপুর নগরীর কারমাইকেল কলেজ সংলগ্ন লালবাগ মোড়ে শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচারসহ ৩ দফা দাবিতে আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির পথসভায় তিনি এসব কথা বলেন।

বক্তব্যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাবের বিএনপি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, 'আমাদের ডেডলাইন ১৮ ডিসেম্বর। ওই দিন শাহবাগে আমরা জনগণকে নিয়ে সমবেত হব। এরপর আমরা হাদি হত্যার বিচারের দাবিতে আর রাস্তায় নামতে চাই না; কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে দায়ীদের বিচারের মুখোমুখি করবেন, সেটা সরকারের দায়িত্ব।' তিনি আরও সতর্ক করে বলেন, ভারতের আধিপত্যবাদ কিংবা সীমান্ত হত্যার বিরুদ্ধে কার্যকর ভূমিকা না নিয়ে দিল্লির অনুগত থাকলে এ দেশের জনগণ তা মেনে নেবে না। পাশাপাশি প্রতিমন্ত্রী নুরুল হক নূরের ‘হু ইজ হাদি’ মন্তব্যের প্রতি তীব্র ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেন তিনি।

সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান, শাপলা চত্বর ও পিলখানা গণহত্যার বিচারে সরকারের ভূমিকা দৃশ্যমান নয়। উল্টো বিচারপ্রার্থীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, হাদি হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা গণহত্যার বিচারের ৩ দফা দাবিতে গত ৭ অক্টোবর ‘মার্চ ফর ইনসাফ’ যাত্রা শুরু করে ইনকিলাব মঞ্চ। আগামী ১৮ ডিসেম্বর ঢাকার শাহবাগে এই কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।