রাজধানীর উত্তরায় ‘সিটি অরচার্ড রিক্রিয়েশন ক্লাব অ্যান্ড বার’-এ অভিযান চালিয়ে ১৭ জন নারীসহ মোট ৪৭ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পারমিট ছাড়া মদ ও বিয়ার পান করার অভিযোগে তাঁদের আটক করা হয়।

সোমবার (১২ অক্টোবর) রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় অবস্থিত ওই বারে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন ডিবির উত্তরা জোনাল টিমের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবীর।

ডিবির উত্তরা জোনাল টিমের কর্মকর্তা মো. ইলিয়াস কবীর জানান, পারমিটবিহীন মাদক সেবনের বিরুদ্ধে তাঁদের এই অভিযান। অভিযানে ১৭ জন নারী ও ৩০ জন পুরুষকে আটক করা হয়েছে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "প্রতিটি বারে ধারাবাহিকভাবে এমন অভিযান চালানো হবে। লাইসেন্স বা পারমিট ছাড়া কাউকে মাদক সেবন করতে দেওয়া হবে না।"

পুলিশ জানায়, আটককৃত ৪৭ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।