সুন্দরবনে কুখ্যাত ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে সফলভাবে উদ্ধার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন, মোংলা। গত রোববার (১১ অক্টোবর) সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন—মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) এবং ইমামুল মল্লিক (২২)। তাঁরা সবাই খুলনার পাইকগাছা উপজেলার বাসিন্দা।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেলেরা জানিয়েছেন যে গত ১০ অক্টোবর তাঁরা সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে ‘সম্রাট বাহিনী’র সদস্যরা তাঁদের ধরে নিয়ে জিম্মি করেন। পরবর্তীতে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তাঁদের ওপর নির্যাতন চালানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে খুলনার দাকোপ থানার সুন্দরবন অংশে শিপসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় সম্রাট বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে গত ১১ অক্টোবর দুপুর ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা জিম্মি জেলেদের ফেলে বনের গহীনে পালিয়ে যান। যে কারণে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে সুন্দরবনের সাধারণ জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।