রাজধানীর উত্তরায় ঐতিহ্যবাহী খেলার মাঠ রক্ষা এবং আবাসিক এলাকায় অবৈধ বাণিজ্য বন্ধের দাবিতে এক প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদ সম্মেলনে স্থানীয় প্রতিনিধি ও আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, উত্তরা ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর সেক্টরসহ বিভিন্ন আবাসিক এলাকায় নিয়ম অনুযায়ী একটিই কল্যাণ সমিতি থাকার কথা। কিন্তু কোনো প্রকার নীতিমালার তোয়াক্কা না করে এলাকাগুলোতে একের পর এক সমান্তরাল কল্যাণ সমিতি গড়ে উঠছে।

বিশেষ করে ১৫ নম্বর সেক্টরে পুরো সেক্টরের জন্য একটিমাত্র কল্যাণ সমিতি থাকার বিধান থাকলেও সি ও ডি ব্লকসহ বিভিন্ন ব্লকে খণ্ড খণ্ড সমিতি তৈরি করা হয়েছে। আর এই সুযোগে একশ্রেণির অসাধু চক্র খেলার মাঠের আশপাশের অংশ দখল করে বাঁশপট্টি, দোকানপাট ও বাণিজ্যিক স্থাপনা বানিয়ে তা থেকে ভাড়া আদায় করছে এবং বাণিজ্যিক স্বার্থ হাসিল করছে।

বক্তারা অতীতে রাজউকের প্লট বরাদ্দ ও উন্নয়নের কথা স্মরণ করে বলেন, আগে আবাসিক এলাকার তরুণ ও শিশুদের খেলাধুলার জন্য নির্ধারিত সবুজ মাঠগুলো উন্মুক্ত ছিল। কিন্তু পরবর্তীতে নানা মেগা প্রকল্প, স্টেশন ও সাব-স্টেশন নির্মাণের ফলে খেলার মাঠগুলো এমনিতেই সংকুচিত হয়ে এসেছে। তার ওপর নতুন করে কল্যাণ সমিতির নামে ব্যবসার জন্য অবশিষ্ট খেলার মাঠগুলো দখল করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

শিশুকিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে এবং মাদকমুক্ত সমাজ গঠনে অবিলম্বে উত্তরা এলাকার সব খেলার মাঠ দখলমুক্ত রাখার দাবি জানানো হয়। একই সাথে অনিয়ম ও অবৈধভাবে গড়ে ওঠা বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে রাজউক ও স্থানীয় নগর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন নাগরিক ও যুবসমাজ।