মায়ের দীর্ঘদিনের শখ পূরণে গাইবান্ধার সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন শাকিল মিয়া নামের এক তরুণ।

গত শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার চকনদী গ্রামের এই গার্মেন্টস শ্রমিকের সাথে হিঙ্গারপাড়া গ্রামের সুমাইয়া আক্তারের যৌতুকবিহীন এই ব্যতিক্রমী বিয়ে সম্পন্ন হয়। মায়ের ইচ্ছে পূরণ ও এই ভিন্নধর্মী আয়োজন দেখতে বর ও কনে উভয় বাড়িতেই স্থানীয় শত শত উৎসুক মানুষের ঢল নামে।

বরের বাড়ি থেকে কনের বাড়ির দূরত্ব প্রায় তিন মাইল। বিশ হাজার টাকায় ভাড়া করা সাজানো হাতির পিঠে চড়ে বর ও বরযাত্রীরা কনের বাড়িতে পৌঁছালে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিয়েতে কোনো যৌতুক নেওয়া হয়নি এবং আড়াই লাখ টাকা দেনমোহরের পুরোটাই নগদে পরিশোধ করা হয়। ছোটবেলা থেকে থাকা মায়ের এমন শখ পূরণ করতে পেরে অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন বর শাকিল মিয়া।