বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক সাম্প্রতিক কোনো বিষয় নয়, বরং দুদেশের জনগণের মধ্যে শত বছরের গভীর ও ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় ও সামনের দিকে এগিয়ে যাবে।

গত শুক্রবার (৯ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

সম্মেলনে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ বিষয়ক গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেওয়া হয়। বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও কূটনীতিকদের উপস্থিতিতে এতে বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন তুরস্কের প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. ইয়াসিন আকতাই ও যুক্তরাজ্যের সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোকাররম হোসাইন। উদ্বোধনী বক্তব্য দেন ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর অধ্যাপক ড. মেহমেদ আদাক। এছাড়া তুরস্কের পার্লামেন্ট সদস্য, বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীসহ দেশ-বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও আন্তর্জাতিক প্রতিনিধিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর) ও ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের নতুন সম্ভাবনা অন্বেষণের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে।