সংযুক্ত আরব আমিরাত থেকে পায়ুপথে বিশেষ কৌশলে লুকানো ৩টি ডিম্বাকৃতির সোনা বহন করে এনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন এক যাত্রী। আটককৃত যাত্রীর নাম আরমান উদ্দিন সিদ্দিকী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ‘জি৯ ৫১৮’ ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন ওই যাত্রী। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম বিমানবন্দরে নজরদারি বাড়ায়। ইমিগ্রেশন শেষে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় তাকে তল্লাশি করা হলে পায়ুপথে সাদা কসটেপে মোড়ানো ৩টি পেস্ট আকারের ডিম্বাকৃতির সোনা উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম উদ্ধারকৃত সোনা মেপে মোট ১ কেজি ২৯০ গ্রাম ওজন পায় (প্রতিটি ৪৩০ গ্রাম করে)। উদ্ধার হওয়া এই ২৪ ক্যারেটের সোনা পরিশোধন করা হলে আনুমানিক ১ কেজি খাঁটি সোনা পাওয়া যাবে বলে স্বর্ণকারের প্রত্যয়ন সূত্রে এনবিআর নিশ্চিত করেছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।