আন্দোলনের নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এমন অভিযোগ তুলে এর প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে টঙ্গী বাজার থেকে মিছিলটি বের হয়।

গাজীপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইমরান রেজার নির্দেশনায় এবং মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বেপারী মো. জুয়েল রানার নেতৃত্বে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাটা গেট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় টঙ্গী বাজারে এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য মনিরুজ্জামান মনির, টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব বশির মাদবর, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাপ্পি মির্জা, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মাসুদ খান, টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সুমন মোল্লা, যুগ্ম আহ্বায়ক ফয়সাল বেপারী, জাতীয়তাবাদী প্রজন্ম দলের গাজীপুর মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক বিএম সিকদার, টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী দলের সদস্য আক্তারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ের আন্দোলনকে কেউ যেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের প্রতি সমর্থন জানিয়ে তাঁরা বলেন, আন্দোলনের নামে কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি মেনে নেওয়া হবে না।

বক্তারা আরও বলেন, গাজীপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইমরান রেজার নির্দেশনায় তাঁরা রাজপথে সক্রিয় রয়েছেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নৈরাজ্যের বিরুদ্ধে তাঁরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ অব্যাহত রাখবেন।