শিক্ষামন্ত্রীর তীব্র সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, "শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে বলেন নকল আর চলবে না। ২০২৬ সালের শিক্ষার্থীরা আপনাদের দেখিয়ে দিচ্ছে, এই স্ট্যান্টবাজি বাংলাদেশে আর চলবে না। হাঁটু সমান ও বুক সমান পানিতে ডুবিয়ে আপনি শিক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধ্য করেছেন।"
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘জুলাই পদযাত্রা ও পথসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোগরাপাড়া চৌরাস্তায় আয়োজিত এই সভায় তিনি আরও বলেন, "পরীক্ষার প্রশ্নপত্রে ভুল রেখে শিক্ষার্থীদের মানসিক অবস্থাকে আপনারা গুরুত্ব দিচ্ছেন না। উল্টো এই শিক্ষার্থীদের আপনারা ‘ফার্মের মুরগি’ ও মাদকাসক্ত বলছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন, শিলং থেকে এসে কেউ কেউ সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন এবং লন্ডন থেকে এসে কেউ কেউ প্রধানমন্ত্রিত্ব করছেন।"
শিক্ষামন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, "শিক্ষার্থীরা গিনিপিগ নয়, তাদের নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন। আপনাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে, তাই সাধারণ শিক্ষার্থীদের কষ্টের কথা আপনাদের কাছে বোধগম্য নয়।"
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, "তিনি সংসদে দম্ভ করে বলেছেন সংবিধান সংস্কার কমিটি কোনো সংবিধানে নেই। অথচ সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৯ সালে, আপনাদের থাকার কথা ছিল শিলং বা লন্ডনে। ছাত্র-জনতা এই সংবিধানের বিরুদ্ধে গিয়েই নতুন বাংলাদেশের অভিমুখ সেট করেছে। আপনারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন।"
দেশব্যাপী বন্যা পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, "খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজারসহ সমগ্র অঞ্চলে বন্যা আক্রান্তদের কাছে সাত দিনেও সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা পৌঁছায়নি।"
সোনারগাঁয়ে স্থানীয় এমপির ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে তিনি বলেন, "বাপ এমপি আর ছেলে চাঁদাবাজির দায়ে থানায় মুচলেকা দেয়—এই চিত্র আর মেনে নেওয়া হবে না। সারা বাংলাদেশে গ্যাসের হাহাকার থাকলেও রাজনৈতিক ছত্রচ্ছায়ায় কিছু কারখানা লাখ লাখ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে। এছাড়া বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তোলেন তিনি।"
চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, "প্রতি ২০০ টাকা আয়ে ৫০ টাকা চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজির বাংলাদেশ আর চলবে না। হাসিনার ১৭ বছর লেগেছিল, কিন্তু মনে রাখবেন—প্রতি বছর জুলাই আসে না, তবে যখন জুলাই আসে তখন পালানোর জায়গা পাবেন না।"
পথসভায় হাসনাত আবদুল্লাহ সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদে তুহিন মাহমুদ, সোনারগাঁ পৌরসভার মেয়র পদে মোস্তফা এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে শাকিল সাইফুল্লাহকে এনসিপির সমর্থন ঘোষণা করেন। সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার, মহানগরের আহ্বায়ক শওকত আলীসহ অন্যান্য নেতারা।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!