ঢাকার ধামরাই উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ভি আই পি বেকারিকে ৫০ হাজার টাকা এবং বন্ধু বেকারিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে বেকারিগুলোতে খাদ্য উৎপাদন ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল মামুন। তিনি বলেন, জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণে কোনো ধরনের অনিয়ম কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘন বরদাশত করা হবে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য উৎপাদন ও বাজারজাত করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।