বরিশাল সদরে সাতটি শিয়াল পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় অবশেষে মামলা করেছে বন বিভাগ। ঘটনার ১০ দিন পর রোববার (১২ জুলাই) বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর আওতায় বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করা হয়।
মামলার বাদী হয়েছেন বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফুর রহমান। আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়েছেন। মামলার আসামিরা হলেন বরিশাল নগরের ২৬ নম্বর ওয়ার্ডের ময়দানখোলা এলাকার নুরুল ইসলাম (৩৩), মোহাম্মদ হারিস (৩৬), কামাল খলিফা (৩২) ও মোহাম্মদ জামাল খলিফা (৩২)।
গত ২ জুলাই বরিশাল নগরের ময়দানখোলা এলাকায় সাতটি শিয়াল ধরে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। শিয়ালগুলোর মাংস রান্না করে খাওয়ার অভিযোগও ওঠে, যা নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা হয়। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর সচেতন নাগরিক ও পশুপ্রেমী সংগঠনগুলো জড়িতদের শাস্তির দাবি জানায়।
বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিরা শিয়ালগুলোকে হত্যা করেছে। তিনি আরও বলেন, “শিয়ালের মাংস রান্না করে খাওয়ার বিষয়টি তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। তবে বন্যপ্রাণী আইন লঙ্ঘন করে শিয়াল হত্যার দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত চার ব্যক্তি এলাকা থেকে পলাতক রয়েছেন। পুলিশ ও বন বিভাগ তাদের গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!