পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “দেশে যে পরিমাণ গাছ থাকা দরকার, তা বর্তমানে নেই। পরিবেশ রক্ষা এবং দেশকে সবুজ করে তুলতেই আমরা আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি।”
পাঁচ বছরে সারা দেশে মোট ২৫ কোটি বৃক্ষরোপণ। স্লোগান: প্রধানমন্ত্রী কর্মসূচির নতুন স্লোগান ঘোষণা করেছেন— ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।’ পরিচর্যার গুরুত্ব: প্রধানমন্ত্রী শুধু গাছ লাগানোর ওপরই গুরুত্ব দেননি, বরং প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও যত্ন নিশ্চিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। জলবায়ু সচেতনতা: বর্তমানে জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের ধরন পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশ গড়ার দায়িত্ব নিয়ে বলেন, “নিজেদের দেশকে নিজেরাই ঠিক করতে হবে, বাইরের কেউ এসে তা করে দিয়ে যাবে না।”
সকালে সড়কপথে বরিশালে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী গৌরনদীর বাটাজোর ইউনিয়নে পুনঃখননকৃত সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ ছাড়া বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!