২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসিদের এই সাফল্যে দেশের শোবিজ তারকারাও তাদের ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে জানিয়েছেন উল্লাস ও শুভকামনা।
আর্জেন্টিনার এই জয়ে বরাবরের মতোই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন শোবিজ তারকারা। অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা তার উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, ‘পিওর ইমোশন, পিওর প্যাশন। সেমি-ফাইনালিস্ট!’
আমেরিকায় সশরীরে স্টেডিয়ামে উপস্থিত থেকে খেলা উপভোগ করেছেন অভিনেত্রী নাদিয়া আহমেদ ও অভিনেতা এফ এস নাঈম দম্পতি। কানসাস সিটি স্টেডিয়াম থেকে পুরনো ছবি পোস্ট করে নাদিয়া লিখেছেন, ‘ভামোস আর্জেন্টিনা! রোড টু সেমিফাইনালস। গর্জে ওঠো আর্জেন্টিনা।’ একইসঙ্গে কানসাস সিটি স্টেডিয়ামের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি উল্লেখ করেন, এই মাঠটি এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বেশ লাকি।
অন্যদিকে, তরুণ অভিনেত্রী মালাইকা চৌধুরী প্রিয় দলের জয়ের পর নিজের আর্জেন্টিনা জার্সি পরা ছবি শেয়ার করে জানান, আজকের জয়ে তিনি অত্যন্ত আনন্দিত।
এদিকে জয়ে আনন্দিত হলেও আর্জেন্টিনার ভক্ত অভিনেতা ইরফান সাজ্জাদ দলের কোচ লিওনেল স্কালোনির কৌশলের সমালোচনা করেছেন। তিনি ফেসবুকে লেখেন, “প্রিয় স্কালোনি, খুশি হওয়ার কিছু নাই! সেমিফাইনালে ইগোটাকে পাশে রেখে যোগ্য প্লেয়ারদের খেলাও! আনচেলেত্তির মতো ভুল করো না। সেমিফাইনালের জন্য শুভকামনা।”
উল্লেখ্য, আগামী ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নদের এই সেমিফাইনাল ঘিরে দেশের ক্রীড়াপ্রেমী ও তারকাদের মধ্যে এখন দারুণ উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!