সান্তিয়াগো বার্নাব্যুতে কিলিয়ান এমবাপের নৈপুণ্যে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মিশন শুরু করেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের জার্সিতে বড় ভাই কিলিয়ান যখন জয়ের উল্লাসে মাতোয়ারা, একই রাতে ফ্রান্সে তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছেন তার ছোট ভাই ইথান এমবাপে।
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল বেটিসের বিপক্ষে লিলের ৩-২ গোলের হারের ম্যাচে লাল কার্ড দেখেছেন ১৯ বছর বয়সী মিডফিল্ডার ইথান। কাস্টিংয়ে নিজের তৃতীয় ম্যাচ খেলতে নেমে ম্যাচের ৫৬ মিনিটে বেটিস ডিফেন্ডার নাতানকে ইচ্ছা করে কনুই দিয়ে গুতা মারেন তিনি। পরবর্তীতে ভিএআর বা ভিডিও পর্যালোচনার পর তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। পেশাদার ক্যারিয়ারে এই প্রথম লাল কার্ড দেখলেন ‘জুনিয়র’ এমবাপে।
এদিকে একই রাতে চ্যাম্পিয়ন্স লিগে নিজের ক্যারিয়ারের ৯৯তম ম্যাচ খেলতে নেমেছিলেন ২৭ বছর বয়সী কিলিয়ান এমবাপে। ইন্টারের বিপক্ষে টুর্নামেন্টে নিজের ৭১তম গোল করে তিনি ছুঁয়ে ফেলেছেন স্প্যানিশ কিংবদন্তি রাউল গঞ্জালেসকে। বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ গোলদাতা এখন এই ফরাসি ফরোয়ার্ড। তার সামনে কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো (১৪০), লিওনেল মেসি (১২৯), রবার্ট লেভান্ডফস্কি (১০০) ও করিম বেনজেমা (৯০)।
ম্যাচ শুরুর আগে ইউসিএলের গত আসরে সর্বোচ্চ ১৫ গোল করার পুরস্কারও গ্রহণ করেন কিলিয়ান। সব মিলিয়ে দুর্দান্ত ফর্মে থাকা এই ফরাসি তারকা এবার ব্যালন ডি’অর জয়ের জোরালো দাবিদার হিসেবে নিজের স্বপ্ন ও প্রাপ্যতার কথা জানিয়েছেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!