ফ্লাইটের ভেতরে ভিডিও করে সেই উড়োজাহাজকে প্লাস্টিকের খেলনা বিমানের সঙ্গে তুলনা করায় বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা দায়ের করা হয়েছে। ভারতের গুজরাটের গান্ধীনগর আদালতে দেশটির এভিয়েশন কোম্পানি ডিউনস এভিয়েশন এই মামলা করেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে ডিউনস এভিয়েশনের একটি চার্টার্ড ফ্লাইটে মুম্বাই থেকে জয়পুর যাচ্ছিলেন নোরা ফাতেহি। ভ্রমণকালে তিনি বিমানের ভেতরের একটি ভিডিও ধারণ করে ইনস্টাগ্রামে শেয়ার করেন এবং সেটিকে ‘খেলনা’ ও ‘লেগো এয়ারপ্লেন’ বলে অভিহিত করেন।
কোম্পানিটির দাবি, কোনো প্রযুক্তিগত জ্ঞান বা বাস্তব ভিত্তি ছাড়াই নোরার এই দায়িত্বজ্ঞানহীন মন্তব্য তাদের কোম্পানির সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর বিপুলসংখ্যক অনুসারী থাকায় এই নেতিবাচক প্রচারের কারণে তাদের ব্যবসায়িক ক্ষতি হয়েছে এবং বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমে যাওয়ার পাশাপাশি ফ্লাইট বাতিলের হারও বৃদ্ধি পেয়েছে।
ক্ষতিপূরণ হিসেবে নোরার কাছে ৩ কোটি রুপি দাবি করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ওই ভিডিও ও সংশ্লিষ্ট পোস্ট অবিলম্বে মুছে ফেলার এবং প্রকাশ্যে ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছে এভিয়েশন কোম্পানিটি।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!