টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি হাঁটু থেকে কোমর সমান পানির নিচে তলিয়ে থাকতে দেখা গেছে।
জলাবদ্ধতার কবলে নগরী: নগরীর আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, হালিশহর, পাঁচলাইশ, কাতালগঞ্জ, মুরাদপুর, পতেঙ্গা, কুয়াইশ, আকমল আলী সড়ক, হাজি পাড়া, লালদিঘির পাড়, সিঅ্যান্ডবি মোড়, পলিটেকনিক মোড় ও গোলপাহাড় কাজিরহাটসহ অধিকাংশ এলাকা পানির নিচে। নিচু এলাকার বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় রান্নাবান্না ও স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। অনেক স্থানে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়ায় স্বাস্থ্যঝুঁকি ও চরম দুর্গন্ধের সৃষ্টি হয়েছে।
চকবাজারের বাসিন্দা আবদুর রহিম জানান, বৃষ্টির পানির সঙ্গে ড্রেনের ময়লা পানি মিশে একাকার হয়ে গেছে। টয়লেট ব্যবহার করা যাচ্ছে না এবং পানি নামার কোনো লক্ষণ নেই। একইভাবে আগ্রাবাদের বাসিন্দা রেহানা বেগম জানান, নিচতলায় কোমর সমান পানি থাকায় সকাল থেকেই পরিবারের সদস্যদের নিয়ে শুকনো খাবার খেয়ে দিন পার করছেন।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ২৩৭.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমবাগান আবহাওয়া অফিসে একই সময়ে রেকর্ড করা হয়েছে ২২৪ মিলিমিটার বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের সহকারী পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী জানান, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী আরও দুই দিন এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর ফলে জলাবদ্ধতার পাশাপাশি পাহাড়ধসের ঝুঁকিও রয়েছে।
জলাবদ্ধতার প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে ট্রেন যোগাযোগে বিপর্যয় দেখা দিয়েছে। রেললাইনের ওপর পানি উঠে যাওয়ায় ঢাকা থেকে কক্সবাজারগামী আন্তঃনগর ‘পর্যটক এক্সপ্রেস’ যাত্রা বাতিল করতে বাধ্য হয়েছে। মঙ্গলবার দুপুরে ট্রেনটি চট্টগ্রামের ষোলোশহর এলাকায় আটকে পড়ার পর ১১ ঘণ্টা অপেক্ষার শেষে রাত ১১টার দিকে যাত্রা বাতিল ঘোষণা করা হয়। প্রায় এক হাজার যাত্রী দীর্ঘ সময় অনিশ্চয়তার মধ্যে আটকা পড়েন।
চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত যাত্রীদের টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!