চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ফাইয়াজ তাজরিয়ান (২৫) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক তরুণ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে নগরের শহীদ ওয়াসিম ফ্লাইওভারে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ফাইয়াজ তাজরিয়ান চট্টগ্রাম মহানগর এনসিপির একজন সদস্য ছিলেন। তিনি হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে ফাইয়াজ তাজরিয়ান মোটরসাইকেলে করে ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় সেখানে আগে থেকে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও এনসিপির নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে রাত ২টার দিকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। এছাড়া ফ্লাইওভারের বাতিগুলো বন্ধ থাকায় বিকল ট্রাকটি ফাইয়াজের দৃষ্টিসীমার আড়ালে ছিল। ফলে তিনি ট্রাকটি দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেন।
দলীয় সূত্রে জানা গেছে, ফাইয়াজ তাজরিয়ান দলের একজন অত্যন্ত সক্রিয় সদস্য ছিলেন। মৃত্যুর দিন মঙ্গলবারও তিনি দলের মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। তার অকাল মৃত্যুতে দলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!