হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৬ জুন) প্রদত্ত এক বিবৃতিতে জামায়াত আমির বলেন, "নতুন হিজরি বছর আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আত্মশুদ্ধি, তাকওয়া, ন্যায়বিচার, সততা ও মানবকল্যাণের চেতনায় উদ্বুদ্ধ করুক—এটাই আমাদের প্রত্যাশা।"
উল্লেখ্য, দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বুধবার (১৭ জুন) থেকে পবিত্র মহররম মাস তথা নতুন হিজরি বর্ষ গণনা শুরু হচ্ছে।
বিবৃতিতে বিরোধীদলীয় নেতা বলেন, "আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ (সা.) এবং তার সম্মানিত সাহাবিগণের মক্কা থেকে মদিনায় ঐতিহাসিক হিজরতের মহান স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই সনের গণনা শুরু হয়। হিজরি সন মুসলিম উম্মাহর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। হিজরত কেবল একটি স্থান পরিবর্তন ছিল না, বরং তা ছিল জুলুম, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে ন্যায়, ইনসাফ ও সত্যের এক গৌরবময় বিজয় এবং ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার এক ঐতিহাসিক বাঁক বদল।"
ডা. শফিকুর রহমান আরও বলেন, "হিজরি বিদায়ী বছরের সব ভুলত্রুটি, ব্যর্থতা ও গ্লানি মুছে ফেলে নতুন বছরে আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের সুমহান আদর্শকে ধারণ করার শপথ নিতে হবে। বর্তমান বিশ্ব পরিস্থিতি ও দেশের চলমান প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সহমর্মিতা অত্যন্ত জরুরি। হিজরতের ত্যাগ ও কোরবানির চেতনা বুকে ধারণ করে আমাদের সমাজ থেকে সব ধরনের অন্যায়, দুর্নীতি ও বৈষম্য দূর করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
জাতির মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, "মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের দেশকে সব সংকট, অস্থিরতা ও বিভেদ থেকে মুক্ত রাখেন। আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে একটি ইনসাফভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব ধরনের সংকট ও মজলুমিয়াত থেকে হেফাজত করুন।"

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!