বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিশেষ বিসিএস পরীক্ষা-২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিসিএসের মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ পাবেন।

অনলাইনে আবেদনপ্রক্রিয়া শুরু হবে আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে এবং শেষ হবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টায়। আবেদন ফরম পূরণ করতে হবে টেলিটক অথবা পিএসসির ওয়েবসাইটে। আবেদনের জন্য সাধারণ প্রার্থীদের ফি ২০০ টাকা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। টেলিটকের ভ্যাট ও ডেটা ভেরিফিকেশন চার্জ হিসেবে অতিরিক্ত ৫ টাকা প্রযোজ্য হবে। নির্ধারিত সময়ের মধ্যে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে পারবেন।

২০২৬ সালের ১ সেপ্টেম্বর তারিখে যাদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে, তারা এই পরীক্ষায় আবেদনের সুযোগ পাবেন। শিক্ষাগত যোগ্যতার শেষ বর্ষের লিখিত পরীক্ষা ২৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে শেষ হলে প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে মৌখিক পরীক্ষার সময় বিএমডিসি রেজিস্ট্রেশন ও সমমানের সনদের মূল কপি জমা দিতে হবে। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।

পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট ৩০০ নম্বরের ভিত্তিতে। এর মধ্যে ২০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষা এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা থাকবে। ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় প্রাসঙ্গিক চিকিৎসাবিষয়ক সনদে ১০০ নম্বর এবং বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে থাকবে। এ ছাড়া মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.৫০ নম্বর।

পিএসসি জানিয়েছে, পরীক্ষা মূলত ঢাকায় অনুষ্ঠিত হবে এবং আগামী নভেম্বরের মধ্যেই লিখিত পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। আবেদন ও পরীক্ষায় যেকোনো ধরনের মিথ্যা তথ্য প্রদান, সনদ জালিয়াতি, অসদুপায় অবলম্বন কিংবা তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।