বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নানা ধরনের শক্তি ও চক্রান্তকারীরা আমাদের সাম্প্রদায়িক ও ভ্রাতৃত্বের অটুট বন্ধন ধ্বংস করার জন্য নানা প্রচেষ্টা চালায়। তবে হিন্দু, মুসলমান, খ্রিষ্টান, বৌদ্ধসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠী কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে থেকে এই সম্প্রীতি রক্ষা করবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায়ের জন্য গঠিত ট্রাস্টের মাধ্যমে উপাসনালয়গুলো আরও সমৃদ্ধ ও সুন্দরভাবে পরিচালিত হবে। উপাসনালয়ে গিয়ে মানুষ যাতে নির্বিঘ্নে প্রার্থনা ও আরাধনা করতে পারে, ট্রাস্টের দক্ষ ও যোগ্য সদস্যরা সেই বিষয়গুলো দেখবেন।
তিনি আরও বলেন, আমাদের মৃত্তিকার গভীরে রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব। বাংলাদেশি জাতীয়তাবাদের কাঠামোর মধ্যে প্রতিটি ধর্ম ও নৃগোষ্ঠীর মানুষ আসন পেতে পারে, যেখানে সবাই গর্ব করে নিজেদের বাংলাদেশি বলতে পারেন। এই দার্শনিক তত্ত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়ে গেছেন।
উৎসবের আনন্দ ভাগাভাগির কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আমরা একে অপরের পূজা-পার্বণ ও ঈদ-মিলাদুন্নবীতে অংশ নিয়ে উৎসবের আনন্দ উপভোগ করি। সম্প্রীতির এই বন্ধন যুগ যুগ ধরে লালিত ও চর্চিত হবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!