বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের পরবর্তী চ্যালেঞ্জ শুধু সংযোগ বাড়ানো নয়, বরং সেবার মান, সাশ্রয়, নির্ভরযোগ্যতা ও অর্থবহ সংযোগ নিশ্চিত করা বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। সোমবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ‘৩৭তম এপিটি ওয়্যারলেস গ্রুপ (এডব্লিউজি-৩৭)’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, ২০২৬ সালের জুলাই পর্যন্ত দেশে প্রায় ১৯ কোটি ১০ লাখ মোবাইল সংযোগ এবং প্রায় ১০ কোটি ইন্টারনেট সংযোগ রয়েছে। এর মধ্যে ১০ কোটি ৮০ লাখের বেশি গ্রাহক ফোর-জি সেবা ব্যবহার করছেন এবং টেলিযোগাযোগ অবকাঠামোর আওতায় ৪৯ হাজারের বেশি ফোর-জি সাইট, ৪৬ হাজার টাওয়ার ও প্রায় ১ লাখ ৭৩ হাজার কিলোমিটার অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক রয়েছে। এই বিশাল পরিসংখ্যান খাতের ব্যাপকতা তুলে ধরলেও সরকারের বর্তমান লক্ষ্য হলো সেবা সহজলভ্য ও মানসম্মত করা।
ডিজিটাল সংযোগ নাগরিকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে উল্লেখ করে মন্ত্রী বলেন, মানুষ কোথায় বসবাস করে, তার ওপর নির্ভর না করে প্রযুক্তির সুফল পাওয়ার সুযোগ তৈরি করা সরকারের অন্যতম অঙ্গীকার। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, সফটওয়্যার, হার্ডওয়্যার এবং প্রযুক্তিনির্ভর অন্যান্য শিল্পে দেশের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ফাইভ-জি, স্যাটেলাইট যোগাযোগ এবং ইন্টারনেট অব থিংসের (আইওটি) বিকাশের জন্য দূরদর্শী নীতি প্রণয়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি। তিনি উদীয়মান ডিজিটাল চাহিদা পূরণে কার্যকর নীতি এবং সরকার, নিয়ন্ত্রক সংস্থা ও শিল্প খাতের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বিটিআরসির উচ্চপদস্থ কর্মকর্তা এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের টেলিযোগাযোগ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!