রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ জিয়া শিশু পার্ক আগামী ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

রোববার বিকেলে পার্ক এলাকায় পূবালী ব্যাংক পিএলসির শিশু পার্ক শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকীকরণ প্রকল্পের অংশ হিসেবে ব্যাংকটির এই শাখা ভবন নতুন করে পুনর্নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুততম সময়ে পার্কের অবশিষ্ট কাজ সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে এই প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি রয়েছে ৩০ শতাংশ। শিশুদের বিনোদনের জন্য ১৫টি অত্যাধুনিক রাইড ক্রয়ের লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে উল্লেখ করে তিনি জানান যে, এই রাইডগুলোর স্থাপন সম্পন্ন হলেই প্রকল্পের প্রায় ৭৫ শতাংশ কাজ শেষ হবে। নির্ধারিত সময়ের মধ্যেই নগরীর শিশুদের একটি আধুনিক পার্ক উপহার দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, রাস্তার সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বৃক্ষরোপণসহ সব সামাজিক উন্নয়নমূলক কাজে সামাজিক দায়বদ্ধতা থেকে সবাইকে অংশ নিতে হবে। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে গৃহস্থালি ও আশপাশের আঙিনা পরিষ্কার রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমতে না দেওয়ার ওপর বিশেষ জোর দেন এবং নাগরিক সচেতনতাই ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রধান উপায় বলে মন্তব্য করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। এ ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।