“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গুরুদাসপুর উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিস ফারজানা।

এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য  কর্মকর্তা এ এম এস আলমাস, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন শাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন কাজলী আক্তার নাসরিন, বিএনডিসি কর্মকর্তা মো. সাইদুল রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় খামারিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি খামারিদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে।

তারা আরও বলেন, প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করে গড়ে তুলতে পারলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে। এ জন্য সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি খামারিদের আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও খামারিদের উৎসাহিত করার মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।