র‍্যাম্প ও ফ্যাশন মডেলিংয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে এবার ছোট পর্দায় অভিনয়ে ব্যস্ত মডেল ও অভিনেত্রী মোনালিসা স্বর্না। মডেলিংয়ের পরিচিত গণ্ডি পেরিয়ে অভিনয়েও নিজের দক্ষতা তুলে ধরতে চান এই তরুণী। এর আগে বিভিন্ন ছোট গল্পে অভিনয় করলেও এবার একটি সামাজিক ও পারিবারিক গল্পের নাটকে দেখা যাবে তাঁকে।

নাটকটির নাম ‘শুনতে কি পাও মা’। মধ্যবিত্ত পরিবারের জীবনসংগ্রাম, একজন মায়ের দুই মেয়েকে ঘিরে স্বপ্ন, দায়িত্ব ও প্রতিকূলতার গল্প উঠে আসবে এতে। নাটকটিতে ছোট বোন রুহির চরিত্রে অভিনয় করেছেন মোনালিসা স্বর্না। বড় বোন রুনির চরিত্রে রয়েছেন ছোট পর্দার পরিচিত মুখ আইশা খান। আর মায়ের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাবেরি আলম।

অনন্য ইমনের গল্প ও পরিচালনায় নির্মিত হচ্ছে নাটকটি। নির্মাতাদের প্রত্যাশা, মধ্যবিত্ত পরিবারের আবেগ, সম্পর্ক ও বাস্তব জীবনের নানা টানাপোড়েনের গল্প দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। গল্পের সঙ্গে নিজেদের জীবনের নানা অভিজ্ঞতা মিলিয়ে নিতে পারবেন সব শ্রেণির দর্শক।

নাটকটিতে অভিনয়ের সুযোগ পেয়ে পরিচালক ও প্রযোজকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোনালিসা স্বর্না। তাঁর প্রত্যাশা, এই নাটকের মধ্য দিয়ে অভিনয়জগতে নিজের অবস্থান আরও শক্তিশালী করতে পারবেন এবং নিজেকে নিয়ে যেতে পারবেন অনন্য উচ্চতায়।

উল্লেখ্য, পেশায় একজন ডেন্টিস্ট হলেও মডেলিংয়ের প্রতি ভালোবাসা থেকে র‍্যাম্প ও ফ্যাশন মডেলিংয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন মোনালিসা। এবার অভিনয়ের মাধ্যমে বিনোদনজগতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে চান তিনি।

সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই মুক্তি পাবে সামাজিক ও পারিবারিক গল্পের নাটক ‘শুনতে কি পাও মা’। নাটকটি দর্শকদের মুগ্ধ করবে—এমন প্রত্যাশা মোনালিসা স্বর্না, পরিচালক অনন্য ইমনসহ সংশ্লিষ্ট পুরো টিমের। এখন দেখার বিষয়, র‍্যাম্পের পরিচিত মুখ মোনালিসা স্বর্না ছোট পর্দায় রুহি চরিত্রে দর্শকদের কতটা মুগ্ধ করতে পারেন।