বগুড়ার সদর উপজেলায় চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে ‘সাভার ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী এলাকায় প্রতিষ্ঠানটির ‘রকেট চানাচুর’ কারখানায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে খাদ্য নিরাপত্তা আইনের চরম লঙ্ঘন করে চানাচুর তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল। পরিদর্শনে যেসব গুরুতর অনিয়ম ধরা পড়েছে, সেগুলো হলো, দীর্ঘদিন ধরে ব্যবহৃত পোড়া ও ক্ষতিকর তেলে চানাচুর ভাজা হচ্ছিল। চানাচুর মেঝেতে ফেলে পায়ে মাড়িয়ে তাতে মসলা মাখানো হচ্ছিল। পাখির বিষ্ঠাযুক্ত ও নোংরা স্থানে খাদ্যসামগ্রী সংরক্ষণ করা হচ্ছিল। মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার করা হচ্ছিল।

এসব অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে সাভার ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।