মিশকাত রহমানকে ছুরিকাঘাতে জখম করে নিহত করার ঘটনায় জড়িত অভিযুক্ত মামুনের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক, ছাত্রসমাজ ও এলাকাবাসী। পাশাপাশি অভিযুক্তকে এমপিওভুক্ত চাকরি থেকে চিরস্থায়ীভাবে অব্যাহতি দেওয়ার দাবিও জানানো হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই গ্রামে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নিহত মিশকাত রহমান (২১) দেবই মাদ্রাসার ছাত্র এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করে পাশ করেছিলেন। মিশকাত রহমান একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর রাত ৮টার দিকে কথা কাটাকাটির জেরে মামুনের ছুরিকাঘাতে গুরুতর আহত হন মিশকাত। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে যান তার পরিবার। পরবর্তীতে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৩ নভেম্বর রাত ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মিশকাতের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার সকালে হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা সড়কে অবস্থান নেন এবং প্রতিবাদ মিছিলে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা অভিযুক্ত মামুনের ফাঁসির দাবি এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করে জানতে চান, কেন এখনো অভিযুক্ত বাইরে রয়েছে, এবং দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে প্রদর্শিত ব্যানার ও পোস্টারে ‘খুনি মামুনের ফাঁসি চাই’ এবং ‘এমপিওভুক্ত চাকরি থেকে চিরস্থায়ী অব্যাহতি চাই’—এমন নানা প্রতিবাদী স্লোগান দেখা যায়। এতে নিহত মিশকাত রহমান ও অভিযুক্ত মামুনের ছবিসহ বিচারের দাবি সংবলিত বার্তা যুক্ত করা হয়।
বিক্ষোভকারীদের দাবি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে অভিযুক্তকে চিরতরে অব্যাহতি দিতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে ভবিষ্যতে যেন এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক, ছাত্রসমাজ ও এলাকাবাসী।