দেশের তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিতিশীলতার কারণে বড় ধরনের আর্থিক ও ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছে এ খাত। চলতি নভেম্বর মাসের প্রথম ১৮ দিনে (১ থেকে ১৮ নভেম্বর) ৩১৭টি পোশাক কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বিদেশি ক্রেতারা এসব কারখানার নিশ্চিত করা ক্রয়াদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলার মূল্যের ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন।
রোববার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পরিচালিত এক জরিপের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
বিজিএমইএ জানায়, শিল্পাঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতিতে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর জরিপ চালানো হয়। জরিপে অংশ নেওয়া ৩১৭টি কারখানার তথ্যমতে, বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে কারখানাগুলোকে সর্বনিম্ন ১ দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। রপ্তানির এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্য অনুযায়ী, এই ১৮ দিনে উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উৎপাদন ব্যাহত হওয়া এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ রপ্তানি আদেশ এখন চরম ঝুঁকির মুখে পড়েছে। ক্রয়াদেশ ধরে রাখতে কারখানা মালিকদের বাড়তি ব্যয়ে আকাশপথে (এয়ার শিপমেন্ট) পণ্য পাঠাতে হচ্ছে এবং ক্রেতাদের বড় অঙ্কের মূল্যছাড় দিতে হচ্ছে। তা সত্ত্বেও ক্রেতারা ইতোমধ্যে নিশ্চিত করা ক্রয়াদেশ থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছেন, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।
বিজিএমইএ মনে করছে, জরিপে উঠে আসা এই ক্ষতির পরিমাণ প্রকৃত চিত্রের একটি আংশিক রূপ মাত্র। সংগঠনটির হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি হলেও স্বল্প সময়ের জরিপে মাত্র ৩১৭টি কারখানা তথ্য দিয়েছে। তদুপরি, জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা এখনো অব্যাহত থাকায় সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিজিএমইএ-এর মতে, এই সংকটের প্রভাব কেবল তাৎক্ষণিক আর্থিক লোকসানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের দীর্ঘদিনের ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনাও বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। দেশের অর্থনীতি এবং লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে দ্রুত এ সংকট থেকে উত্তরণে এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের সর্বোচ্চ দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ কামনা করেছে সংগঠনটি।