নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের পুরাতন বাজার এলাকায় উপজেলা মহিলা দলের সম্পাদিকা নাসিমা হকের দোকান ও পুরাতন স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৯ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে বিয়াঘাট পুরাতন বাজার এলাকায় নাসিমা হকের দোকান ও পুরাতন স্টোররুমে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে দোকান ও স্টোররুমে থাকা পুরাতন আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়দের দাবি, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতির ধারাবাহিকতায় আওয়ামী লীগের সমর্থকরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভুক্তভোগী নাসিমা হক বলেন, "আমার দোকান ও পুরাতন স্টোররুমে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সঠিক তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।"
এদিকে, ঘটনার পর বুধবার সকালে ক্ষতিগ্রস্ত দোকান ও স্টোররুম পরিদর্শন করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিপন শিং, উপজেলা মহিলা দলের সভাপতি অঞ্জলি অফসার, সাংগঠনিক সম্পাদক বিউটি আক্তার, সহসভাপতি হাসিনা বেগম এবং মহিলা দলের সদস্য লাভলি খাতুন ও রাজিয়া খাতুনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
তারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।