উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নেমে এসেছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এটি চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ। এর আগে বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সোমবার ১৮ দশমিক ৫ ডিগ্রি, রোববার ১৬ দশমিক ৪ ডিগ্রি, শনিবার ১৫ দশমিক ৮ ডিগ্রি এবং শুক্রবার ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বুধবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় রোদ থাকায় বেশ গরম অনুভূত হলেও সন্ধ্যা নামার পরপরই আবহাওয়া দ্রুত বদলে যাচ্ছে। রাতে লেপ-কম্বল গায়ে দিতে হচ্ছে এবং ভোরে বাইরে বের হলে শীতের তীব্রতা টের পাওয়া যাচ্ছে।
গলেহাহাট এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, দিনের বেলায় রোদ উঠলে গরম লাগে, ঘরে ফ্যান চালাতে হয়। কিন্তু সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাড়তে শুরু করে এবং রাতে লেপ-কম্বল ছাড়া থাকা কঠিন হয়ে পড়ছে।
আরেক বাসিন্দা শাহীন বলেন, কয়েক দিন আগেও রাতে এতটা ঠান্ডা ছিল না। এখন ভোরে বাইরে বের হলে শীত লাগে। আবহাওয়ার এমন পরিবর্তনে শিশু ও বয়স্কদের নিয়ে একটু বেশি সতর্ক থাকতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আগামী দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে। চলতি বছরের ডিসেম্বর মাসে পঞ্চগড় জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।