শ্রীলঙ্কার ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল পিপলস পাওয়ারের (এনপিপি) সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ড. নিহাল আবেসিংহের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় এনপিপির সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাম্প্রতিক রাজনৈতিক অভিজ্ঞতা এবং উভয় দেশের চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং শ্রীলঙ্কার এনপিপির মধ্যে দলীয় পর্যায়ে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে উভয় নেতা দলীয় কার্যক্রম, রাজনৈতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা জোরদার করা এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যৌথ অবস্থান গ্রহণের মাধ্যমে অংশীদারিত্ব গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ ধরনের সহযোগিতা দুই দেশের রাজনৈতিক দল এবং সংসদ সদস্যদের জন্য ইতিবাচক সুফল বয়ে আনবে বলে তারা আশা প্রকাশ করেন।

বৈঠকে ড. নিহাল আবেসিংহে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) কর্মরত থাকাকালীন বাংলাদেশ সফরের সুখস্মৃতিগুলো স্মরণ করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।