নড়াইলের কালিয়ায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিলে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের অতর্কিত হামলায় দুই নেতা নিহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

নিহতরা হলেন—কালিয়া উপজেলা কৃষকদলের সদস্যসচিব শাহিনুর শেখ (৪০) এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় কালিয়া উপজেলা ছাত্রদল, যুবদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন করে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার বেন্দারচর বটতলা মোড়ে পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। হামলায় শাহিনুর শেখ ও সোহেল মোল্লা গুরুতর জখম হন।

পরে দলীয় নেতাকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী দুই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরাই এ হামলার সঙ্গে জড়িত।