গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করতে নতুন করে আরও ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হচ্ছে। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত মোকাবিলা, মব-দাঙ্গা, নাশকতা এবং রাষ্ট্রবিরোধী অপতৎপরতা প্রতিরোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখা, সড়ক-মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচল, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ বজায় রাখাই নতুন করে সদস্য মোতায়েনের মূল লক্ষ্য। এর আগে গত ৪ নভেম্বর থেকে গাজীপুরে ৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন। চলমান পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে নিরাপত্তা কার্যক্রমের পরিধি বাড়াতে নতুন করে আরও ৮ প্লাটুন সদস্য যুক্ত হচ্ছেন। ফলে জেলায় মোট ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এসব সদস্য জেলার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, কারখানা, প্রধান সড়ক-মহাসড়ক ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করবেন। সংঘবদ্ধ সহিংসতা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং সড়ক অবরোধের মতো অপচেষ্টা প্রতিরোধে তারা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের ধারাবাহিকতায় এর আগে নারায়ণগঞ্জে ৪ প্লাটুন এবং গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা ও জনজীবনে স্বাভাবিক গতি নিশ্চিত করতে বাহিনীটি মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে।