যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল এলাকায় গরুচোর সন্দেহে নরসিংদী জেলার চার ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় আটক ব্যক্তিদের কাছে থাকা দেশীয় অস্ত্রের আঘাতে স্থানীয় দুই ব্যক্তি আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
আটক ব্যক্তিরা হলেন—নরসিংদী সদর থানার বাহাদুরপুর গ্রামের আলালের ছেলে হাসান (২৮), সাহ প্রতাপ গ্রামের হানিফের ছেলে লিমন (২৭), আলোক বালী গ্রামের কামালের ছেলে হৃদয় (২৫) এবং কাউনিয়া পাড়া গ্রামের ফরিদের ছেলে সাগর (৩৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ওই চার ব্যক্তি পাশাপোল বাজার থেকে একটি ইজিবাইকে করে দশপাখিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ইজিবাইকচালক করিম তাদের থামার সংকেত দিলে তারা তা উপেক্ষা করে দ্রুতগতিতে চলে যান। এতে চালকের সন্দেহ হলে তিনি মোবাইল ফোনে দশপাখিয়া গ্রামের শওকতকে বিষয়টি জানান।
খবর পেয়ে শওকত স্থানীয় লোকজনকে একত্রিত করেন এবং সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে তাদের আটক করেন। এ সময় আটক ব্যক্তিদের কাছে থাকা দেশীয় অস্ত্রের আঘাতে স্থানীয় দুই ব্যক্তি আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পরে খবর পেয়ে দশপাখিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) বাইজীদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আটক চারজনকে হেফাজতে নেন এবং চৌগাছা থানায় নিয়ে যান। এ ঘটনায় তাদের বিরুদ্ধে চুরির মামলা দায়েরের পর আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে আটক ব্যক্তিরা প্রকৃতপক্ষে কোনো চুরির সঙ্গে জড়িত কি না, তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।