৫৪টি অভিন্ন নদীর পানি একের পর এক আটকে রেখে বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সকল অভিন্ন নদীর প্রবাহের ন্যায্য অধিকার কায়েমের দাবিতে’ আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশ (আইএফসি)-এর উদ্যোগে এবং যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন টাচিং সোলস ইন্টারন্যাশনালের (টিএসআই) সহযোগিতায় এই কর্মসূচি আয়োজন করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, পানির অভাবে আমাদের তিস্তা নদী আজ মরুভূমিতে পরিণত হয়েছে, অন্যদিকে টিপাইমুখ বাঁধ নিয়েও গভীর চক্রান্ত চলছে। প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অবশ্যই থাকবে, তবে তা হতে হবে সমতার ভিত্তিতে এবং আমাদের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে।
গত ৫৫-৫৬ বছর ধরে এ বিষয়ে অনেক আলাপ-আলোচনা হলেও কোনো কার্যকর ফল আসেনি উল্লেখ করে তিনি বলেন, এখন পানির ন্যায্য অধিকার আদায়ে দেশের মানুষকে প্রতিবাদ আরও তীব্র থেকে তীব্রতর করতে হবে।
১৯৯৬ সালের গঙ্গা পানি চুক্তির কঠোর সমালোচনা করে তিনি জানান, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের করা চুক্তিতে শুষ্ক মৌসুমে ন্যূনতম ৮০ শতাংশ পানি পাওয়ার ‘গ্যারান্টি ক্লজ’ বা নিশ্চয়তার ধারা ছিল, কিন্তু ৯৬-এর চুক্তিতে সেই ধারা বাদ দিয়ে একটি ‘ফাঁকিবাজির চুক্তি’ করা হয়েছিল।
ভারতের প্রখ্যাত প্রকৌশলী কপিল ভট্টাচার্যও একসময় ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব নিয়ে সতর্ক করেছিলেন উল্লেখ করে রিজভী বলেন, বর্তমানে গঙ্গার স্বাভাবিক প্রবাহ সরে যাওয়ায় ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলাও আজ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। ১৯৭৬ সালে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের স্মৃতিচারণ করে তিনি জাতীয় স্বার্থ ও দেশের আত্মমর্যাদা রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জোরালো আহ্বান জানান।
আইএফসি বাংলাদেশের সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।