উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। বিশেষ করে ভোর ও রাতের সময়ে শীতের অনুভূতি বেশ জাঁকিয়ে বসতে শুরু করেছে, যদিও দিনের বেলা রোদের তাপে কিছুটা গরম আবহাওয়া বজায় থাকছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ৯টায় দেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থাকলেও এরপর থেকে তাপমাত্রা ধারাবাহিকভাবে কমতে শুরু করে। গত কয়েক দিনে তাপমাত্রা ১৭ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করলেও আজ তা আরও কমে ১৬ দশমিক ৫ ডিগ্রিতে নেমে এসেছে। এর আগে গত অক্টোবরের শেষ দিকেও একবার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরবেলা ও সন্ধ্যার পর থেকেই হালকা শীত অনুভূত হচ্ছে। তবে দিনের রোদ থাকায় দুপুরের দিকে গরম ভাব বজায় থাকে। মূলত দিন ও রাতের তাপমাত্রার এই পার্থক্যের কারণে আবহাওয়া পরিবর্তনশীল রূপ নিয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েক দিন ধরে পঞ্চগড়ের তাপমাত্রা ক্রমেই কমছে এবং আগামী দিনগুলোতে এটি আরও হ্রাস পেতে পারে। বিশেষ করে আসছে ডিসেম্বর মাসে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।