রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা ‘সোহাগ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৫৭ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ। তিনি জানান, মহাখালী বাস টার্মিনালের পেছনের অংশে সোহাগ পরিবহনের বাসটি পার্কিং করা অবস্থায় ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। আগুনে বাসটির অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন জানান, আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়। ঘটনার পেছনে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।