২০২৭ সালের জন্য সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন ছুটি থাকবে।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এর আগে বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষ্যে আগামী বছর ১৫ দিন সাধারণ ছুটি থাকবে। তবে এই ১৫ দিনের ছুটির মধ্যে ৪ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন (২টি শুক্রবার ও ২টি শনিবার)।

তিনি আরও জানান, বাংলা নববর্ষ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষ্যে ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। নির্বাহী আদেশের এই ১৪ দিনের ছুটির মধ্যেও ৩ দিন সাপ্তাহিক ছুটি (১টি শুক্রবার ও ২টি শনিবার) রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০২৭ সালের জন্য মোট ২৯ দিন সরকারি ছুটি ঘোষণা করা হলেও, তার মধ্যে সাপ্তাহিক ছুটির দিন পড়েছে মোট ৭টি (৩টি শুক্রবার ও ৪টি শনিবার)। ফলে সাপ্তাহিক ছুটি বাদে প্রকৃত সরকারি ছুটি দাঁড়াবে ২২ দিন। সর্বসম্মতিক্রমে মন্ত্রিসভা এই ছুটির তালিকা অনুমোদন করেছে।