কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়।

রোববার (১ নভেম্বর) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের একটি জাহাজ চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলেও সেটি না থামিয়ে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করেন।

বোটটিতে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। এ সময় পাচারের সাথে জড়িত ৯ জনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, জব্দ করা সার, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।