সাভারের আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ নানা দাবিতে তীব্র শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এবং শ্রমিক আন্দোলনের মুখে ওই এলাকার অন্তত ৫০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার (১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আল-মুসলিম পোশাক কারখানা, টাউজার লাইন ও নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা ভেতরে প্রবেশ করে কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে প্রধান সড়কে অবস্থান নেন। পরে তাদের সাথে সংহতি জানিয়ে আশপাশের অন্যান্য পোশাক কারখানার শ্রমিকরাও রাস্তায় নেমে আসেন।

দুপুর ১২টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় আন্দোলনরত শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের মূল দাবির মধ্যে রয়েছে— ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বিভিন্ন বাহানায় শ্রমিক ছাঁটাই বন্ধ এবং শ্রমিকদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে কালো তালিকাভুক্ত করা বন্ধ করা।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ ৩ দফা দাবি নিয়ে শ্রমিকরা মাঠে নেমেছেন। ইতোমধ্যে এ বিষয়ে মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকেই শ্রমিকদের কর্মবিরতির মুখে নিরাপত্তা নিশ্চিতে ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।